
মোঃ ইব্রাহিম হোসেন: মৌলভীবাজার-৪ (শ্রীমঙ্গল-কমলগঞ্জ) আসনের সংসদ সদস্য জনাব হাজী মুজিবুর রহমান চৌধুরীর সাথে একান্ত সাক্ষাৎকার ও এলাকার শিক্ষা ব্যবস্থার উন্নয়নে বিভিন্ন কর্মসূচি বাস্তবায়নের বিষয়ে এক গুরুত্বপূর্ন আলোচনা অনুষ্ঠিত হয়েছে।
গত ৩১ অক্টোবর (শনিবার) আয়োজিত এই বৈঠকে আন্তর্জাতিক দাতা সংস্থা ‘কারামা সলিডারিটি, বেলজিয়াম’ ও ‘ইসলামিক রিলিফ নেদারল্যান্ডস’-এর অর্থায়নে পরিচালিত বিশেষ উন্নয়নমূলক কর্মসূচির বিস্তারিত তুলে ধরা হয়। জেলা প্রকল্প সমন্বয়কারী ও ম্যাক বাংলাদেশ-এর নির্বাহী পরিচালক এস এ হামিদ জানান, স্থানীয় তিনটি বিদ্যালয়ের শিক্ষার্থীদের সুবিধার্থে বাইসাইকেল, সাইকেল শেড, শিক্ষা সামগ্রী, ইউনিফর্ম, জুতা ও হাইজিন কিট বিতরণের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
ঘোষিত সময়সূচি অনুযায়ী আগামী ৯ নভেম্বর (সোমবার) শ্রীমঙ্গলের মহাজেরাবাদ উচ্চ বিদ্যালয়ে ৮০টি বাইসাইকেল, ১টি সাইকেল শেড ও ২৮০ জন শিক্ষার্থীকে শিক্ষা সামগ্রী প্রদান করা হবে। পরদিন ১০ নভেম্বর (মঙ্গলবার) শ্রীমঙ্গলের বিষামণি উচ্চ বিদ্যালয়ে ৬০টি বাইসাইকেল ও ২২০ জনকে শিক্ষা সামগ্রী বিতরণ করা হবে।
সবশেষে ১১ নভেম্বর (বুধবার) কমলগঞ্জের মাধবপুর উচ্চ বিদ্যালয়ে ৪০টি বাইসাইকেল, ৩০০ জন শিক্ষার্থীকে শিক্ষা সামগ্রী, স্কুল ইউনিফর্ম ও জুতা এবং ১৫০ জনকে হাইজিন সামগ্রী দেওয়া হবে।
দাতা সংস্থা ও স্থানীয় সংসদ সদস্যের এই যৌথ উদ্যোগ এলাকার পিছিয়ে পড়া শিক্ষার্থীদের শিক্ষা চালিয়ে যেতে এবং বিদ্যালয়ে উপস্থিতি বাড়াতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশা প্রকাশ করা হচ্ছে।