
নিজস্ব প্রতিবেদক, ভোলা: ভোলা সদর উপজেলার ৪নং কাচিয়া ইউনিয়ন পরিষদ নির্বাচনকে কেন্দ্র করে জমে উঠেছে নির্বাচনী মাঠ। আসন্ন এই নির্বাচনে বাংলাদেশ জাতীয় শ্রমিক পার্টি (বিজেপি)-এর কেন্দ্রীয় নির্বাহী কমিটির সিনিয়র যুগ্ম আহ্বায়ক ও দলটির মনোনীত চেয়ারম্যান প্রার্থী এস এম কামাল এলাকার উন্নয়নে নিজেকে জনগণের সেবক হিসেবে উৎসর্গ করার প্রত্যয় ব্যক্ত করেছেন। নির্বাচিত হলে দল-মত নির্বিশেষে সাধারণ মানুষের পাশে থাকার দৃঢ় অঙ্গীকার করেছেন তিনি।
স্থানীয় সংবাদমাধ্যম ‘খাস খবর বাংলাদেশ’-এর সাথে আলাপকালে এস এম কামাল কাচিয়া ইউনিয়নকে একটি আধুনিক, শান্তিপূর্ণ এবং মাদকমুক্ত মডেল ইউনিয়ন হিসেবে গড়ে তোলার ঘোষণা দেন।
এলাকার মাটির সন্তান হিসেবে নিজের শেকড়ের কথা স্মরণ করে তিনি বলেন, “কাচিয়ার মানুষের সমস্যা আমি জানি, কাচিয়ার মানুষ কী চায় সেটাও আমার জানা। কারণ আমি এ মাটির সন্তান; কাচিয়াতেই জন্ম নিয়েছি, এ কাচিয়াতেই বেড়ে উঠেছি। যতদিন বেঁচে থাকবো আপনাদের পাশেই থাকবো। আপনারা যদি আমাকে একদিন ভোট দিয়ে নির্বাচিত করেন, আমি ৫ বছর জনপ্রতিনিধি এবং আজীবন আপনাদের সেবক হয়ে কাজ করে যাবো, ইনশাআল্লাহ।”
তরুণ সমাজকে রক্ষায় মাদকের বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’ নীতি গ্রহণের ঘোষণা দিয়ে তিনি বলেন, এলাকার শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে কোনো ধরনের চাঁদাবাজি বরদাশত করা হবে না।
এদিকে নির্বাচনকে সামনে রেখে ইউনিয়নের প্রতিটি ওয়ার্ড, হাট-বাজার এবং চায়ের দোকানগুলোতে চলছে চুলচেরা বিশ্লেষণ। সাধারণ ভোটাররা আশা প্রকাশ করছেন, আসন্ন নির্বাচনে একজন যোগ্য, সৎ ও জনবান্ধব প্রতিনিধিকেই তারা এলাকার অভিভাবক হিসেবে বেছে নেবেন।
জনপ্রতিনিধি হিসেবে নয়, বরং একজন প্রকৃত সেবক হিসেবে কাচিয়ার মানুষের সুখে-দুঃখে পাশে থাকার এবং সমাজে ন্যায়বিচার প্রতিষ্ঠার প্রতিশ্রুতি দিয়ে ভোটারদের দ্বারে দ্বারে ঘুরে বেড়াচ্ছেন এস এম কামাল।