
মোঃ ইব্রাহিম হোসেন: ঝিনাইদহের ঐতিহ্যবাহী শিক্ষাপ্রতিষ্ঠান হরিণাকুণ্ডু পাইলট স্কুল অ্যান্ড কলেজের এডহক কমিটির নবনির্বাচিত সভাপতি মো. আব্দুস সামাদকে সংবর্ধনা প্রদান করা হয়েছে। এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার প্রদীপ্ত রায় দীপন। মঙ্গলবার (২৫ আগস্ট) স্থানীয় শিক্ষাপ্রতিষ্ঠানের অডিটোরিয়ামে এই সংবর্ধনা অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয়। এ সময় বিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী ও এলাকার বিশিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

এর আগে গত ২০ আগস্ট ২০২৬ খ্রি. তারিখে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড, যশোরের বিদ্যালয় পরিদর্শক মো. এনামুল কবির স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এই কমিটি অনুমোদন দেওয়া হয়। ‘মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক স্তরের বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের গভর্নিং বডি ও ম্যানেজিং কমিটি প্রবিধানমালা-২০২৪ (সংশোধনীসহ)’-এর প্রবিধান ৬৪-এর উপ-প্রবিধান (১) অনুযায়ী হরিণাকুণ্ডু উপজেলা যুবদলের আহ্বায়ক ও জেলা যুবদলের সহ-সভাপতি মো. আব্দুস সামাদকে এই অ্যাডহক কমিটির সভাপতি হিসেবে দায়িত্ব প্রদান করা হয়।
অনুমোদিত কমিটিতে সভাপতি ছাড়াও সদস্য হিসেবে রয়েছেন মো. নজরুল ইসলাম (সাধারণ শিক্ষক প্রতিনিধি) এবং তানিয়া আফরোজ (অভিভাবক প্রতিনিধি)। এছাড়া প্রতিষ্ঠানের প্রধান শিক্ষককে সদস্য সচিবের দায়িত্ব অর্পণ করা হয়েছে। শিক্ষা বোর্ড থেকে এই কমিটিকে আগামী ৬ (ছয়) মাসের জন্য অনুমোদন দেওয়া হয়েছে এবং নির্ধারিত সময়ের মধ্যে নিয়মিত ম্যানেজিং কমিটি গঠনের প্রক্রিয়া সম্পন্ন করার নির্দেশনা রয়েছে।